ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজারাবিহীন বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে থানায় মামলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাজিবপুর সহকারী ভূমি কর্মকর্তা বাদি হয়ে মঙ্গলবার (১৯ মে) রাতে থানায় একটি মামলা করেন। এতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫ জনকে আসামী করা হয়েছে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি চলছিলো দেদারছে। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলেও বালু খেকো চক্র বালু উত্তোলন ও বিক্রি চালিয়ে যাচ্ছিলো। কয়েকদফা অভিযানে গেলেও ম্যাজিষ্ট্রেট যাবার খবরে পালিয়ে যায় চক্রটি।
প্রশাসন কয়েকদফা অভিযানে গিয়ে কোনো ব্যক্তিকে না পাওয়া যাওয়ায় বালু পরিবহনের গাড়ি গুলোর চাকা পাংচার করে দেওয়া হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন বিক্রি অব্যহত ভাবে চলতে থাকায় গত সোমবার বিকেলে বালু মহালটিতে অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। ওই সময় তিনটি ট্রাক্টরের চাকা পাংচার করে দেওয়া হয়। বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে তখন পাওয়া যায়নি।
অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন রাজিবপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নাইব) মো. সানোয়ার হোসেন। মামলায় সাইফুল ইসলামকে প্রধান করে মোশাররফ হোসেন, বাদল মিয়া, শহিদুল ইসলাম, মো. সালাম, সোহেল মিয়া, জোলহাস মিয়া ও রিপন মিয়াকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে অন্তত ৫ জনকে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, বিষয়টি নিয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
আরিফুল হক/ বার্তা বাজার/এসজে