শেরপুরে সাংবাদিক রোজিনার মুক্তি’র দাবীতে মানববন্ধন
স্বাস্থ্য মন্ত্রনালয়ের কতিপয় কর্মকর্তা কর্তৃক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ৬ ঘন্টা আটক রেখে নির্যাতন, হেনস্তা এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবীতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৯ মে) বিকেল ৪ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, সাপ্তাহিক তথ্যমাত্রা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, আমাদের সময় প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ, অনলাইন পত্রিকা বাংলার দর্পনের সম্পাদক রঞ্জন কুমার দে।
সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওন, সাংবাদিক আরিফুজ্জামান হীরা, সাখাওয়াত হোসেন জুম্মা, শফিকুল ইসলাম বাবলু, জিয়াউদ্দিন লিটন, নজরুল ইসলাম প্রমুখ। এসময় শেরপুর উপজেলা প্রেসক্লাব, শেরপুর প্রেসক্লাব, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থা, শেরপুর অনলাইন প্রেসক্লাব, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার পেশাগত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে, তার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঘৃণ্যতম নির্যাতন ও হেনস্তাকারী সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
রাশেদুল হক/বার্তা বাজার/এসজে