রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ধামরাইয়ে সাংবাদিকদের বিক্ষোভ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা অপবাদে মামলা দিয়ে হেনস্তা করার প্রতিবাদে ধামরাইয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বুধবার (১৯ মে) দুপুরে ধামরাই প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চেয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ সমা‌বে‌শে বক্তারা প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়ে ব‌লেন, ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে রেখে হেনস্তা ও পরে মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্ত করাই এস‌বের উদ্দেশ্য।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ধামরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান স্বপন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সবুজ সহ ধামরাইয়ে কর্মরত সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

উল্লেখ্য, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ছয়ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় তাকে হেনস্তাসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করা হয়। এসময় কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। ঘটনার সময়ের বিভিন্ন ভিডিও ও স্থির চিত্রে রোজিনার গলা চেপে ধরে তাকে হেনস্তা করতে দেখা যায় অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমকে। হেনস্তার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। উল্টো তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন খান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর