দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুরা এলাকায় ঈদ ভিজিএফ এর ৪৫০ টাকা করে পাননি তিন শতাধিক পরিবার। ঈদের আগে ভিজিএফ এর টাকা না পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, আলীপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র চার হাজার ৬৫০ পরিবারের নামে ভিজিএফ এর ৪৫০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়নের ৮টি ওয়ার্ডে ঈদের আগে টাকা বিতরন করা হলেও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে টাকা বিতরণ স্থগিত রাখা হয়।
৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাহাউদ্দিন মুন্সি জানান, তার ওয়ার্ডে তালিকায় অন্তর্ভূক্ত ৩২০ জনের নামের মধ্যে চেয়ারম্যান ২০০ জনের নামে টাকা দেওয়ার কথা বলে বাকি টাকা আত্মসাতের পরিকল্পনা করেন। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে টাকা বিতরণ স্থগিত করেছেন।
আলীপুরা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল জানান, মেম্বার বাহাউদ্দিন মুন্সি ওই ওয়ার্ডে চলমান নির্বাচনে আবারো মেম্বার প্রার্থী হওয়ায় তার পছন্দের পরিবার থেকে ৫/৬ জনের নাম অন্তর্ভূক্ত করে তালিকা জমা দিলে উপজেলা নির্বার্হী অফিসার ওই ওয়ার্ডে নতুন তালিকা করে টাকা বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন।
চেয়ারম্যান বাদশা ফয়সাল আরো জানান,টাকা আত্মসাতের পরিকল্পনার অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
আলীপুরা ইউনিয়নের তদারকি কর্মকর্তা (ট্যাগ) উপজেলা একাডেমিক সুপারভাইজার নেছার আহমেদ জানান, ওই ওয়ার্ডে তালিকা নিয়ে ঝামেলা থাকায় উন্মুক্ত পদ্ধতিতে তালিকা তৈরির কাজ চলমান আছে তালিকা তৈরি সম্পন্ন হলে টাকা বিতরণ করা হবে।
উপজেলা নির্বার্হী অফিসার মোঃ আল-আমিন জানান, ওই ওয়ার্ডে তালিকা তৈরিতে ব্যাপক অভিযোগ থাকায় নতুন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে টাকা বিতরন করা সম্ভব হবে।
বার্তা বাজার/এসজে