রোজিনা ইসলামের পক্ষে সাভারের সাংবাদিকদের এক ঘন্টা কলম বিরতি

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যে মামলার প্রতিবাদে সাভারের সাংবাদিকগণ এক ঘন্টা কলম বিরতি পালন করেছেন। বুধবার (১৯ মে) সাভার প্রেসক্লাব অডিটোরিয়ামে এক ঘন্টা কলম বিরতি পালন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।

পরে, দুপুরে সাভার প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সাভারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একাত্মতা ঘোষনা করেন।

কর্মসূচীতে অংশগ্রহন করে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা বলেন, রোজিনা ইসলামের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এরকম ঘৃনিত ঘটনা আজ দেশের পুরো সাংবাদিক সমাজকেই প্রশ্নবিদ্ধ করেছে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে অন্যান্য বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ স্বাস্থ্য বিভাগের দূর্ণীতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিচারের দাবী জানান। এর অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচী পালনের মাধ্যমে দাবী আদায়ে বাধ্য হবে সাংবাদিক সমাজ বলেও জানান তারা।

মামুন খান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর