ওমর সানী-মৌসুমীর ছেলের সিসা বার থেকে গ্রেফতারদের মধ্যে ৩ জন রিমান্ডে

চলচ্চিত্র তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমির ছেলে ফারদিনের মালিকানাধীন মন্টানা লাউঞ্জ সিসা বার থেকে গ্রেফতার হওয়া ১১ জনের মধ্যে ৩ জনকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বাকি ৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়ার আদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- রিজওয়ান রোজারিও, হৃদয় এবং নাসির উদ্দিন। আর কারাগারে যাওয়া ৮ আসামি হলেন—দীন ইসলাম, সৌরভ কস্তা, ওমর ফারুক, মো. মাসুম, ইলিয়াস, জুলহাস, বিজয় ও শিমুল কস্তা।

জানা যায়, মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত মন্টানা সিসা লাউঞ্জে অভিযান করে গুলশান থানা পুলিশ।

অভিযান শেষে ওসি আবুল হাসান জানান, সংবাদের ভিত্তিতে জানতে পারি গুলশান-১ ও ২ এর মাঝখানে আরএম সেন্টার ভবনে মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বার তাদের কার্যক্রম চালিয়ে আসছে। সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বারটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে আমরা ১১ জনকে আটক করি। এছাড়া অভিযানে সিসা ও সিসা সেবন করার বিভিন্ন জিনিসপত্রও জব্দ করা হয়েছে।

পরে ১১ জনের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তবে আসামি করা হয়নি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর