মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ বদিউজ্জামান খান রাব্বি (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপেজলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রলীগ বেতা বদিউজ্জমান উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের ইমাম হোসেন খানের ছেলে। তারা বসবাস করেন চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন বাড়িতে।

গ্রেফতারকৃত বদিউজ্জামান নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগের কমিটিতেও তিনি উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডসহ জমি দখলের অভিযোগ রয়েছে।

বদিউজ্জামান খান রাব্বি যে ছাত্রলীগের রাজনীতি করেন তা নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন খান।

এ বিষয়ে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, বদিউজ্জামান দুপুরে জয়পুরের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসে মাদক বেঁচা-কেনা করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে কিছু গাঁজা জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, বদিউজ্জামান এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে ২০১৭ সালে তিনি ইয়াবাসহ পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার হাতে আটক হয়েছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর