প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরের পর মামলার নথিপত্র আনুষ্ঠানিকভাবে শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবি রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়েছে। তারাই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।
ডিবি পুলিশ জানায়, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের জন্য ঊর্ধ্বতনদের নির্দেশে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে তারা মামলাটি বুঝে পেয়েছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা এখনও নিয়োগ হয়নি।
এর আগে এর আগে সোমবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালন করতে তিনি সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিন রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। এ মামলার একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে।
মঙ্গলবার (১৮ মে) সকালে সাংবাদিক রোজিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। পরে শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন আদালত।
আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করা হয়।
বার্তাবাজার/নব