রোজিনা ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের
রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
রোজিনা ইসলামের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার (১৯ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি অনুষ্ঠানটির আয়োজন করে। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুলবোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারতো বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
বার্তাবাজার/নব