যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখান করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তিনি বলেন, ‘ইসরায়েলে শান্তি ফেরাতে’ যতদিন প্রয়োজন ততদিন ফিলিস্তিনের গাজায় হামলা চলবে। গাজায় এবারের ৯ দিনের ইসরায়েলি বোমা হামলায় বহু বছর পিছিয়ে গেছে হামাস বলেও দাবি করেন তিনি।
বুধবার (১৯ মে) আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৬৩ জন শিশুসহ এখন পর্যন্ত ২২০ জন নিহত হয়েছেন। এছাড়াও প্রায় দেড় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।
এদিকে ইসরায়েল-ফিলিস্তিন লড়াই থামানোর চেষ্টায় তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ লড়াই বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মিসর ও জর্ডানের সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতির আহ্বান সংবলিত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করেছে ফ্রান্স। যুদ্ধবিরতির সব আহ্বান আমলে না নিয়ে হামলা অব্যাহতের ঘোষণা দিলেন নেতানিয়াহু।
বার্তাবাজার/নব