হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পোস্ট অফিসের ডাক বিভাগের মালামালের ভেতর থেকে ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বুধবার (১৯ মে) সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেটে ডাক বিভাগের মালামাল স্ক্যানিংয়ের সময় ব্যাগের ভেতর ইয়াবা পাওয়া যায়। এ সময় ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আটক অভিযুক্ত চার কর্মচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান জানান, সকাল ৭টার দিকে ডাক বিভাগের একটি মালামাল স্ক্যানিংয়ের সময় এভিয়েশন সিকিউরিটির (এভসেক) স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ একটি ব্যাগের ভেতর ইয়াবা সাদৃশ্য বস্তু শনাক্ত করেন।
এরপর তিনি বিমানবন্দরের সিকিউরিটি ম্যানেজারকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক পোস্ট অফিসের চার কর্মচারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/নব