তিন দিনে ঢাকায় প্রবেশ করেছে ২৩ লাখ মানুষ

গত তিনদিনে ঢাকায় প্রায় ২৩ লাখ মানুষ প্রবেশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার (১৮ মে) ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল ফোন অপারেটরের তথ্যভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১৭ মে) একদিনেই রাজধানীতে প্রবেশ করেছে ১২ লাখের বেশি মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে ঈদ করতে যাওয়া মানুষজন নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে।

তিনি আরো বলেন, মোবাইল ফোন ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে জানা যায়- গত তিন দিনের মধ্যে সোমবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় প্রবেশ করেছে, ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জন। আর তিনদিনে মোট ২২ লাখ ৮২ হাজার ৯৫৪ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছে। এরমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারী ১০ লাখ ১ হাজার ৩৬৯ জন, রবির ৪ লাখ ৬৬ হাজার ৫৪১ জন, বাংলালিংকের ৬ লাখ ৭৩ হাজার ৪৬০ জন ও টেলিটকের ১ লাখ ৪১ হাজার ৫৮৪ জন গ্রাহক।

এদিকে মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর হিসাব ধরে দেখা যায়, গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। আর শনিবার (১৫ মে) একদিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪ লাখের বেশি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর