স্যানিটারী ব্যবসার আড়ালে মাদকব্যবসা, আটক ২

স্যানিটারি ব্যবসার আড়ালে মিনিট্রাকে ইয়াবা পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ হেলাল (২০) ও পিকআপ চালক আরিফ উল্লাহকে আটক করেছে টেকনাফ ডিএনসি বিশেষ জোন। এই ঘটনায় সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে জাফর আলম (৩৩) পলাতক রয়েছে এবং জব্দ করা হয়েছে ট্রাকটি।

মঙ্গলবার (১৮ মে) উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়ন শামলাপুর মেরিনড্রাইভে আর্মি চেক পোষ্ট হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।

ধৃতরা হলেন, সদর ইউনিয়নের পূর্ব গোদারবিল এলাকার বশিরের ছেলে হেলাল উদ্দীন ও উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাগগুনা এলাকার রহমত উল্লার ছেলে পিকআপ চালক আরিফ উল্লাহ। জাফর আলমকে পলাতক আসামী করা হয়েছে।

তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি টাইলস বোঝাই মিনি ট্রাকে মাদক পাচারের গুপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিএনসি। উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিনড্রাইভে আর্মি চেক পোষ্টে একটি মিনিট্রাকে টাইলসের প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দীন ও আরিফ উল্লাহকে আটক করা হয়।

তবে, এসব মাদকে আরিফ উল্লাহর কোন সংশ্লিষ্টতা নেই বলে স্বীকার করেছে। জব্দকৃত মালামালসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই ডিএনসি কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, আটক হেলাল কয়েক বছর পূর্বে ইয়াবা কারবারের দ্বায়ে একটি স্যানিটারীর দোকান থেকে চাকুরীচ্যুত হয়ে মাদকের টাকায় শাপলাচত্বর ভূমি অফিসের সামনে স্যানিটারি ব্যবসা গড়ে তুলে। বৈধ ব্যবসার আড়ালে গোপনে সে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। তার এসব কারবারে ভূমি অফিসে সংলগ্ন কয়েক জন ছদ্মবেশী জমি ব্যবসায়ী জড়িত রয়েছে। ভূমি অফিসের সামনে বিভিন্ন অফিস ও দোকানের আড়ালে অন্তত চারটি মাদক চক্র সক্রিয় রয়েছে।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর