সাংবাদিক মুজাক্কির হত্যার আসামির জামিন নামঞ্জুর করেছে হাইকোর্ট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত বার্তা বাজারের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামি ইকবাল বাহারের জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মে) বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহীনুর বেগম।

গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে উপজেলার চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা।

তখন উভয়পক্ষের সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বার্তা বাজারের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এই ঘটনায় ২৩ ফেব্রুয়ারি মুজাক্কিরের বাবা নুরুল হুদা মাস্টার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পিবিআই উপজেলার মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল বাহারকে শ্যোন অ্যারেস্ট দেখায়। ইকবাল বাহার কাদের মির্জার অনুসারী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর