ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনের গাজা ভূখন্ডের অধিবাসীদের বাড়িঘর নির্মাণ ও চিকিৎসার জন্য ৫০ কোটি ডলার সহায়তা দিবে মিসর। মঙ্গলবার (১৮ মে) দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সহায়তার এই ঘোষণা দেন।
এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিসর ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিসরীয় নির্মাণ সংস্থাগুলো পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে। আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আশাকরি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেড়িয়ে আসবে।
এছাড়া গাজাকে পূনরায় বসবাসযোগ্য করার জন্য মিসর একযোগে কাজ করবে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ফ্রান্সে বৈঠক করেন। সেই বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত এলো।
এদিকে মঙ্গলবার ইসরাইলে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন (হামাস)। এই হামলায় এ দিন ইসরাইলে দুজন বিদেশি শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।
বার্তা বাজার/এসজে