সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আল-আমিন (৫) ও মুক্তা খাতুন (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে।
নিহত আল-আমিন শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে এবং মুক্তা কালিগঞ্জের নাটুয়ারবেড় গ্রামের মোশারাফ হোসেনের মেয়ে।
থানা ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, শ্যামনগরে জয়নগর থেকে আল-আমিন পরিবারের সাথে তার খালার বাড়ি কালিগঞ্জের নাটুয়ারবেড় গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দিকে খালার প্রতিবেশীর মেয়ে মুক্তার সাথে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করার সময় আল আমিন ও মুক্তা পানিতে পড়ে তলিয়ে যায়।
একপর্যায়ে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। বেলা আড়াইটার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশু দু’টিকে দেখতে পায় প্রতিবেশীরা।
তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সিহাবুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসজে