স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় সাংবাদিকদের অবস্থান

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন জানিয়ে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে তারা কারাবরণের এই আবেদন করেন।

মঙ্গলবার (১৮ মে) বিকালে সাংবাদিকরা এই আবেদন নিয়ে থানায় উপস্থিত হন।

সাংবাদিকরা জানান, রোজিনা ইসলাম-এর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, সেই একই অভিযোগ যেকোনো অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে আনা যায়। সে কারণে রোজিনা ইসলামকে কথিত যে দোষে দোষী বলে অভিযুক্ত করা হচ্ছে, এমন অসংখ্য অভিযোগ থানায় উপস্থিত সাংবাদিকদের বিরুদ্ধেও আনা যায়।

কারণ অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে থাকেন। তাই তাঁরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় হাজির হয়েছেন।

থানার সামনে অবস্থান নেওয়া সাংবাদিকরা হলেন- বদরুদ্দোজা বাবু, মিলটন আনোয়ার, মহিম মিজান, পারভেজ রেজা, মুনজুরুল করিম, আব্দুল্লাহ তুহিন, খান মুহাম্মদ রুমেল, অপূর্ব আলাউদ্দীন, আবদুল্লাহ আল ইমরান, নয়ন আদিত্য, মুক্তাদির রশীদ রোমিও, এস এম নূরুজ্জামান, শাহনাজ শারমিন, কাওসার সোহেলী প্রমুখ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর