সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে আশুলিয়া প্রেসক্লাবের বিক্ষোভ
সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়া প্রেসক্লাব মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (১৮ মে) বিকাল ৬টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয় মানববন্ধন চলাকালীন বার্তা বাজারকে জানান, সচিবালয়ে রোজিনা আপার উপর যে ন্যাক্কারজনক হামলা এবং নির্যাতন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছি। সেই সাথে তাকে দ্রুত মুক্তি দেবার জন্য আহবান জানাচ্ছি। এই সরকার বলে থাকেন আমরা নাকি জাতির বিবেক। সত্যিকার অর্থেই যদি জাতির বিবেক যদি হয়ে থাকি, তবে একজন সাংবাদিক অবশ্যই নিরাপত্তা পাবে, আইনী সহায়তা পাবে, সেই সাথে তাকে সরকার দ্রুত মুক্তি দেবে এই প্রত্যাশা রাখি।
এসময় আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ জহিরুল ইসলাম লিটন বলেন, সম্প্রতি আমাদের একজন সাংবাদিক রোজিনা আপার উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে, আর তথ্য সংগ্রহে গেলে আমরা সাংবাদিকেরা বিভিন্নজনের বিভিন্ন রোষানলে পড়ে থাকি। এর থেকে বেরিয়ে আসতে হবে এবং এই শৃংখল ভেঙ্গে আসতে হবে। সাংবাদিক রোজিনা আপার উপর যে হামলা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অচিরেই তার নিঃশর্ত মুক্তি কামনা করছি।
আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরও জানান, আর এই অবস্থা থেকে সরকার যদি সরে না আসে, তাহলে আমরা এর ধারাবাহিকতা অব্যহত রেখে কঠিন আন্দোলনে যাবো। এব্যাপারে আমরা আমাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমরা চাচ্ছি, শুধু রোজিনা আপা নয়, কোনো সাংবাদিকই যেন এভাবে অন্যায়ের শিকার না হন। আমাদের প্রাণের সংগঠন আশুলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে এসময় কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক জাহিদ হাসান শাকিল বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশে অংশ নেন- আশুলিয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মানিক, প্রচার ও প্রচারণা সম্পাদক মুন্সী মেহেদী হাসানসহ আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, প্রথম আলোর জ্যেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাঁকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ‘অফিশিয়াল সিক্রেট’ আইনে মামলা করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলেও বিজ্ঞ আদালত রিম্যান্ড নামঞ্জুর করে রোজিনা ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আল মামুন খান/বার্তা বাজার/এসজে