বাস আটকে দেওয়া হচ্ছে কাজিপুরে, ভোগান্তি যাত্রীদের

ঈদের ছুটি কাটিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ দূরপাল্লার বাসে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় শতাধিক যাত্রীবাহী এসব বাস সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখীতে আটকে দিচ্ছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) ভোরে কাজিপুরের সোনামুখীতে এ চিত্র দেখা যায়।

বাস আটকে দেয়ার বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, সরকারি গণপরিবহন বন্ধ রেখেছে। সেই নির্দেশনা বাস্তবায়নে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস কাজিপুর হয়ে ছাড়তে দেয়া হবেনা। ঈদের আগেও আমরা দূরপাল্লার বাস ফেরৎ পাঠিয়েছিলাম। এদিকে এক কিলোমিটার জুড়ে প্রায় শতাধিক বাস জটলা বাধায় কাজিপুর থেকে ধুনট হয়ে শেরপুর বগুড়ার দিকে অন্য কোন যানবাহন ঢুকতে পারছে না। তবে বাসের যাত্রীরা পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে হৈ হুল্লোড় করছেন। কিন্তু থানা পুলিশ তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।

ঢাকাগামী যাত্রী আব্দুর রহিম বলেন, ট্রাকে গাদাগাদী করে মানুষ যাচ্ছে তখন করোনা ধরবে না। আর আমরা এক আসন করে খালি রেখে বাসে যেতে চাইছি তাতেই বাধা দিচ্ছে। এটা কেমন নিয়ম। সালমা নামের আরও একজন পোষাক কারখানার শ্রমিক বললেন, ভাবছিলাম ঈদে বাড়ি যাবো না। হঠাৎ বাবা মারা গেলেন ঈদের আগের দিন। বাধ্য হয়ে বাড়িতে যাই। এখন ঢাকায় ফিরতে না পারলে চাকুরি চলে যাবে।

মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়কে কেন এলেন এমন প্রশ্নের উত্তরে আল রাহা পরিবহনের চালক বলেন, মনে করছিলাম এইদিক দিয়ে সহজেই পার হয়ে যেতে পারবো। কিন্তু এখানেও আটকে দিলো। গাড়ি না চললে আমরা পরিবার পরিজন নিয়ে কি খামু। উল্লেখ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সকল বাসের যাত্রীরা রাস্তায় বিক্ষোভ করছিলো।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর