রাজধানীতে সিএনজি দিয়ে সশস্ত্র ডাকাতির অভিযোগে ডিবি পুলিশ ও খিলক্ষেত থানা পুলিশের সমন্বিত অভিযানে ছিনতাইকারী দলের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনায় এনামুল ও রাসেল নামে ২ জন নিহত হয়েছেন।
সোমবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গোলাগুলি থামার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ একটি সবুজ রঙের সিএনজিসহ নয়ন ও ইয়ামিন নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, দুইটি টাইগার বাম, একটি সবুজ রঙের গামছা, ৯টি স্মার্ট এবং বাটন মোবাইল, ১৬ পিচ ইয়াবা, একটি লাইটার এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে।
ডিএমপির গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে লাখ লাখ মানুষ নানা বাহনে ঢাকা ছেড়েছেন। ঢাকার ভেতরে গভীর রাতেও এই গমনাগমন অব্যাহত ছিল। কিন্তু গভীর রাতে বাস-মিনিবাসের মতো গণপরিবহন বন্ধ থাকায় অনেক সময় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মালবাহী ছোট পিকআপও যাত্রী আনা-নেওয়া করে থাকে।
কয়েকটি ডাকাত চক্র গণপরিবহনের এই স্বল্পতাকে কাজে লাগিয়ে রাইড শেয়ারের নামে মানুষের সর্বস্ব ডাকাতি করে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এই ডাকাতি করতে গিয়ে দু-একজন নিরপরাধ ভিকটিমকে ফাঁস দিয়ে হত্যা করে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। ঈদের পরেও অনেক মানুষ ঢাকা মহানগরীতে আসছে এবং রাতেও অনেক মানুষ ঢাকার ভেতর চলাফেরা করছে।
ঈদফেরত নগরবাসীকে কেন্দ্র করে অপরাধীচক্র আবার তৎপর হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত উপাত্তের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগের একাধিক টিম কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার, খিলক্ষেত, কাওলা, ঢাকা-ময়মনসিংহ রোড ও পূর্বাচলগামী ৩০০ ফিট রাস্তাতে টহল জোরদার করেছে।
বার্তাবাজার/পি