মহিলা কাউন্সিলরের বাড়িতে হামলা-ভাংচুর, পুরুষ কাউন্সিলর গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সংরক্ষিত মহিলা কমিশনার (১,২,৩ নং ওয়ার্ড) মাফিয়া আক্তার টফির বাড়িতে হামলা, ভাংচুর ও ৬ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়ায় মহিলা কমিশনারের বাড়িতে রোববার (১৬ মে) বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ এ ঘটনার প্রধান আসামি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহিন মোল্লাকে (৩৪) সোমবার দুপুরে গ্রেফতার করেছে। শাহিন স্হানীয় চেনুদ্দিন মোল্লা ওরফে ছোদে মোল্লার ছেলে।
এর আগে মাহিলা কমিশনারের ছেলে এসএম মিনার মাহফুজ (২৯) বাদি হয়ে রোববার (১৬ মে) দিনগত রাত সোয়া ১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় কাউন্সিলর শাহিন ছাড়াও তার বাবা চেনুদ্দিন মোল্লা ওরফে ছোদে মোল্লা, শাহিনের ভাই শরিফ মোল্লা, রফিক মোল্লা সহ মোট ১০ জনকে চিহ্নিত এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কমিশনার শাহিন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এ হামলা,ভাংচুর ও আহত করার ঘটনা ঘটিয়েছেন।হামলাকালে একটি মূল্যবান স্বর্নের চেইন ছিনিয়ে নেয়ারও অভিযোগ করা হয়েছে।
হামলার ঘটনায় আহতরা হলেন সংরক্ষিত কাউন্সিলর মাফিয়া আক্তার টফি (৪৮), তার ছেলে মিনার মাহফুজ (২৯), মিনারের চাচা নুরুল ইসলাম (৪৮), ফারুক হোসেন (৩৫), চাচাতো ভাই সোহান (২৫) ও মো. আকাশ (২২)।
হামলাকালে গ্রামের লোকজন এগিয়ে আসলে শাহিন ও তার লোকজন বাড়ি থেকে সটকে পড়ে।পরে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় সোমবার দুপুর দেড়টার দিকে শহরের জামতলা এলাকা থেকে প্রধান আসামি শাহিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।পরে আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, শাহিন মোল্লার বিরুদ্ধে থানায় মারামারি ও চুরির আরো ৩ টি মামলা রয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে