করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জন।
প্রায় এক মাস পর দেশটিতে সংক্রমণের সংখ্যা ৩ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ৭৪১ জন। ভারতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন
সোমবার (১৭ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০০ জনের মৃত্যু হয়। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫ লাখ ১৬ হাজার ৯৯৭ জন। দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব