শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

টানা ৬ বছর নির্বাসনে থেকে ১৯৮১ সালের আজকের এই দিনে পরিবারের সকল সদস্যকে হারানোর দুঃখসহ বেদনা নিয়ে দেশে ফিরেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনার সামনে একদিকে ছিল বহুধা বিভক্ত দলকে সংগঠিত করার চ্যালেঞ্জ, অন্যদিকে সেনাশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করাও ছিল তার অন্যতম লক্ষ্য।

১৯৮১ সালের ১৭ই মে। প্রচণ্ড ঝড়বৃষ্টি আর দুর্যোগ গতিরোধ করতে পারেনি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে গণতন্ত্রকামী লাখ লাখ মানুষের মিছিলের। বিকেল ৪টায় দীর্ঘ ৬ বছর পর দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরিবার হারানোর বেদনা নিয়ে দেশে ফিরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তখনকার সামরিক সরকার বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফেরার অনুমতি দিলেও তার নিরাপত্তায় কোন ব্যবস্থাই নেয়নি। সেসময় আওয়ামী লীগের তরুণ কর্মীরাই শেখ হাসিনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন।

সেদিন শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত প্রায় ১৫ লাখ মানুষের হৃদয় ছোঁয়া ভালবাসার জবাবে এদিন তিনি বলেন, ‘বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসাবে, মেয়ে হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই।’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতিবছর বিস্তারিত কর্মসূচি পালন করলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবস পালন করবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর