কালিগঞ্জ সীমান্তে ভারতীয় গলদা রেনু, প্রাইভেটকারসহ আটক ৩

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে গলদা রেনু নিয়ে আসার সময় প্রাইভেটকার থেকে ৫২ পলি গলদা রেনুসহ ৩ চোরাকারবারি আটক হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চোরাকারবারিদের নিকট থেকে এক লক্ষ টাকা জরিমানাসহ প্রাইভেট কারটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, কালিগঞ্জে বাঁশঝাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে কালিন্দী নদী পেরিয়ে প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩) গলদা রেনু নিয়ে নিয়ে আসছিলো চোরাকারবারিরা।

পথিমধ্যে কালিগঞ্জের রতনপুর বাজার এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এসময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে মিল্টন মোড়ল (৩২), নাংলা গ্রামের জামান উদ্দীন তালুকদারের ছেলে রবিউল আউয়াল (৩৬), একই গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে আদর আলীকে (৪৭) তাদের ব্যবহৃত প্রাইভেট কারসহ ৫২ পলি গলদা আটক করে থানায় নিয়ে আসেন।

রবিবার (১৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ৩ চোরকারবারিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সাজা এবং রাষ্ট্রের অনুকূলে প্রাইভেট কারটি বাজেয়াপ্ত করেন। পরবর্তীতে জব্দকৃত ৫২ পলি গলদা রেনু কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়। আটককৃত ভারতীয় গলদা রেনুর মুল্য ১০ লক্ষ টাকার অধিক বলে পুলিশ জানিয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর