ঈদ পরবর্তী সময় রোববার (১৬ মে) থেকে দোকানপাট-শপিংমল খোলার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানোর কারণে খুলছে না দোকানপাট-শপিংমল।
রোববার (১৬ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, ঈদের আগে সরকার বিধি-নিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত নির্ধারণ করেছিল। এখন নতুন করে আরও সময় বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে আপাতত দোকানপাট-শপিংমল বন্ধ থাকবে। তবে সরকারের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, করোনার সংক্রমণ রোধে ও দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় চলমান লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
বার্তাবাজার/নব