পাটুরিয়ায় ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে

পাটুরিয়া ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। ঈদের ছুটি শেষে খুলছে অফিস-আদালত। এ জন্য কর্মস্থল ঢাকায় ফিরছে ঈদ ফেরত মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

জানা গেছে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি গেছেন। ঈদের আগেও পাটুরিয়া ফেরিঘাট থেকে ঘরমুখী মানুষ গাদাগাদি করে নৌপথ পারাপার হয়েছে। একই চিত্র দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রত্যেকটি ফেরিতে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়িতে যাওয়া এবং ঈদ শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফেরার কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১৬ মে) সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়ার ৩ নং ঘাট পন্টুনে যানবানহন ও বেশ কিছু যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাপলা শালুক নামের ফেরি নোঙর করে। ফেরির র‌্যাম খোলার সঙ্গে সঙ্গে ফেরি থেকে হুমড়ি খেয়ে নামে ঢাকামুখী যাত্রী।

এরপর সাড়ে ১০টার দিকে শাহ আলী নামে আরেকটি রো রো ফেরি ভিড়ে। তবে কোনো ফেরিতেই যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফেরিতে গাদাগাদি করেই নৌপথ পারাপার হচ্ছে ঢাকামুখী এসব যাত্রী। এদিকে ঈদের তৃতীয় দিনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক মানুষকে পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে বাড়িতে ফিরতে দেখা গেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর