মানিকগঞ্জের সিংগাইরে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে মোটরসাইকেল চালক আরিফুল ইসলাম (২৭) নিহত হয়েছেন । তার স্ত্রী রুমা আক্তার (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
শনিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর-সিরাজপুর সড়কের চান্দহর ইউনিয়নের মূলবর্গ মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরিফুল উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের রিয়াজুল বেপারীর ছোট ছেলে এবং নয় মাস বয়সী এক কন্যা সন্তানের জনক।
নিহতের চাচাত ভাই জুয়েল বলেন, একমাত্র সন্তান বাড়িতে রেখে স্বামী-স্ত্রী মোটর সাইকেলযোগে ঘুরতে সিরাজপুর ব্রীজে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়।
তাদের উদ্ধার করে স্থানীয় পাড়াগ্রাম মডার্ন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত স্ত্রী রুমা আক্তারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে আইসিইউতে ভর্তি করা হয়।
এব্যাপারে শান্তিপুর (বাঘুলি) ফাঁড়ি ইনচার্জ মোঃ খালিদ মুনসুর বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
মিলন মাহমুদ/বার্তা বাজার/এসজে