কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে শওকত হোসেন (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। রোহিঙ্গা ডাকাতদের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৫ মে) বিকেলে উখিয়া উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের (ওয়েস্ট টু ডি) ব্লকে এই ঘটনায় ঘটে।
নিহত মোহাম্মদ শওকত হোসেন উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প (ওয়েস্ট টু-ডি) ব্লকের বাসিন্দা আশরাফ আলীর ছেলে। তিনি একই ক্যাম্পে হেড মাঝির দায়িত্বে ছিলেন বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।
তিনি জানান, বিকেলে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প বাজারে একটি কাপড়ের দোকানে অস্ত্রধারী কয়েকজন ডাকাত অতর্কিতভাবে গুলিবর্ষণ চালায়। এসময় শওকত হোসেন নামে এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়। সংবাদ পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।
বার্তা বাজার/এসজে