এপির কার্যালয়ে ইসরায়েলি হামলা, যা বলল হোয়াইট হাউস

মাত্র এক ঘণ্টার নোটিশে মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ও কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (১৫ মে) বিমান হামলা চালিয়ে ভবনটি উড়িয়ে দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ প্রসঙ্গে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বজনীন দায়িত্বের মধ্যে পড়ে। সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছি।

হামলার পর অ্যাসোসিয়েটেড প্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি প্রুইট বলেন, সংস্থাটির সবকর্মী ও ফ্রিল্যান্সারদের নিরাপদে ভবন থেকে বের করে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুবই ব্যথিত ও আতঙ্কিত যে ইসরায়েলি সামরিক বাহিনী এপি ব্যুরো এবং অন্যান্য সংবাদমাধ্যমের ব্যবহৃত একটি ভবন হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। এটি অবিশ্বাস্য বিরক্তিকর পরিস্থিতি। অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পেয়েছি। এতে গাজায় এখন কী ঘটছে, তা নিয়ে বিশ্ববাসী খুব কমই জানতে পারবেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনও জানা সম্ভব হয়নি। ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস ব্যুরোও কার্যালয়ও ছিল।

প্রত্যক্ষদর্শী আলজাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, ভবনটিতে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর