ঈদের ছুটিতে নোবিপ্রবিতে প্রচুর দর্শনার্থী সমাগম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেখা যাচ্ছে দর্শনার্থীদের ঢল। পরিবার-পরিজন ও প্রিয়জনকে নিয়ে ১০১ একরের নোবিপ্রবি ক্যাম্পাসে ঘুরতে এসেছেন ক্যাম্পাসের আশেপাশের এলাকার বাসিন্দারা।

ঈদের ২য় দিন, ১৫ ই মে (শনিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দর্শনীয় পয়েন্টে ঘুরতে দেখা যায় দর্শনার্থীদের। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্তর, হতাশার মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, নীলদিঘী ও কেন্দ্রীয় খেলার মাঠে ভীড় লক্ষ্যনীয়।

এসময় নোবিপ্রবি ক্যাম্পাস সৌন্দর্য্যের প্রশংসা করেন ঘুরতে আসা দর্শনার্থীরা। শহুরে জীবনের কোলাহল থেকে মুক্ত পরিবেশে যেন শান্তির পরশ খুঁজতে আসেন দর্শনার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পরিবার-পরিজনকে নিয়ে গল্প-আড্ডায় মেতে উঠেন বেশকিছু দর্শনার্থী। অনেকেই আবার পরিবার-পরিজন ও প্রিয়জনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে নিজেদেরকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে উঠেন।

নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম তার পরিবারকে নিয়ে বিকেলে ঘুরতে এসেছেন নোবিপ্রবি ক্যাম্পাসে। এসময় তিনি এ প্রতিবেদককে বলেন, “নোয়াখালীতে পরিবারকে নিয়ে সহজে ঘুরতে যাওয়ার মতো দর্শনীয় স্থানের অভাব রয়েছে। সেজন্য আমার পরিবারের ৬ জনকে নিয়ে ঘুরতে এসেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি বেশ পরিপাটি ও পরিবারকে নিয়ে ঘুরতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি।

মোঃ ফাহাদ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর