ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী খাজাবাহিনীর প্রধানসহ গ্রেফতার ৩

ফরিদপুরে ডাকাতি, চাঁদাবাজী, সন্ত্রাসী, অস্ত্র সহ ১৮ মামলার আসামি মো. খায়রুজ্জামান ওরফে খাজা মাতুব্বর (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত খাজা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের মৃত হানিফ মাতুব্বরের ছেলে।

গ্রেপ্তার হওয়া খাজার অপর দুই সহযোগী হলেন, কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সোহেল মাতুব্বর (২৫) ও মধুখালী উপজেলার ভাটি গোপালদী গ্রামের রাজু পাটোয়ারি (২৫)।

শনিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া খাজার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজী, অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে একটি মামলায় তিনি চার বছর কারাদন্ড ভোগ করে গত সাত মাস আগে জেল থেকে ছাড়া পান। খাজার বিরুদ্ধে পুলিশ বর্তমানে তিনটি মামলার তদন্ত করছে। বাকি ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া খাজার সহযোগি সোহেল মাতুব্বরের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজীসহ আটটি মামলা এবং অপর সহযোগী রাজু পাটোয়ারীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় খাজার কাছ থেকে ছিনতাই করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই মোটরসাইকেলটি খাজা গত ১২ এপ্রিল বিকেল চারটার দিকে কানাইপুর ফজলু মিয়ার বাসার সামনে থেকে মো. পারভেজ মোল্লার (৩২) কাছ থেকে ছিনতাই করেছিলেন।

এ ঘটনায় পারভেজ বাদী হয়ে গত ১ মে ফরিদপুর কোতয়ালী থানায় দুই লাখ টাকা চাঁদাবাজী ও ছিনতাই এর অভিযোগে খাজাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় খাজাকে তার দুই সহযোগী সহ শুক্রবার রাতে সদরের কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম এ জলিল বলেন, গ্রেপ্তার হওয়া খাজা ও তার দুই সহযোগীকে জেলার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর