দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে গাছের সাথে ধাক্কা: নিহত ২

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তৌহিদুল ইসলাম (২৫) ও গোলাম রসুল (১৭) নামে দুই যুবক নিহত হয়েছে। এছাড়া শাহিনুর রহমান (১৬) গুরুতর আহত হয়েছে। শনিবার (১৫ মে) বেলা ৩ টার দিকে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে ও গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে। আহত শাহিনুর রহমান ওই এলাকার আবু সাঈদ মোড়লের ছেলে।

সূত্র জানায়, ওই ৩ কিশোর একটি মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে ভেতরের রাস্তা হয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাঁবলা গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রসুলের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, বেলা ৩ টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছিলো। অপর দুইজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও আহতদের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর