হাসপাতালে নয়, খালেদা জিয়ার কারাগারে ঈদ করার কথা ছিল: হাছান মাহমুদ
খালেদা জিয়ার হাসপাতালে নয়, কারাগারে ঈদ করার কথা ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, খালেদা জিয়ার হাসপাতালে নয়, কারাগারে ঈদ করার কথা ছিল। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তার শাস্তি স্থগিত রেখে তাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। এজন্য আমাদের নেত্রীকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত।
শনিবার (১৫ মে) সকালে ড. হাছান মাহমুদ নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
ঈদের দিন রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে ঈদ পালিত হচ্ছে অত্যন্ত একটা কষ্টের মধ্যে, দুঃসময়ের মধ্যে। একদিকে ভয়াবহ করোনা অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার-নির্যাতন।
বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, পবিত্র ঈদের দিনও বিএনপি এবং বিএনপি মহাসচিব হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেননি। ঈদের দিনও তিনি বিষোদগারের রাজনীতিটা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, ঈদের দিন অন্তত তাদের বিষোদগারের, দোষারোপের রাজনীতি থেকে বিরত থাকা উচিত ছিল। তাও করেছেন আবার জিয়াউর রহমানের তথাকথিত কবরে গিয়ে। ঈদের দিনে তারা জিয়াউর রহমানের কবরে যান। নিজের আত্মীয়স্বজন, মুরব্বিদের কবরে যান, কিনা জানি না। সেখানেই বক্তব্য দিয়েছেন, বিষোদগারের রাজনীতিটা করেছেন।
মির্জা ফখরুলের উদ্দেশে তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলেছেন, ১২ বছর ধরে তাদের ঈদ নেই। তারা আসলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। কারণ তারা খালেদা জিয়ার যে ভুয়া জন্মদিন এতো পালন করেছেন, তা তো করোনা টেস্টের রিপোর্টে ফাঁস হয়ে গেছে। এজন্য তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। গত ১২ বছরে বাংলাদেশের মানুষ যে আনন্দ-উল্লাসে ঈদ উদযাপন করেছে, তা অভাবনীয়।
বার্তাবাজার/নব