করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন।
শনিবার (১৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জনে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন।
গত ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব