পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ উপযাপন করতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন তারা ঈদ শেষে আবারও কর্মস্থল ঢাকায় ফিরে আসতে শুরু করেছেন।
শনিবার (১৫ মে) মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
যারা ঈদের আগে যেতে পারেননি তাদের আজ সকালে ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টার পর থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে থাকে।
যাত্রী ছাড়াও শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোটবড় যানবাহন। যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে।
শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ ব্যাপারে বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। ঘাট এলাকায় চার শতাধিক ছোটবড় যানবাহনও পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে পার করা হবে।
বার্তাবাজার/নব