গাজায় ৪০ মিনিটে ৪৫০ ক্ষেপণাস্ত্রের আঘাত

ফিলিস্তিনি রকেট হামলা এবং ইসরায়েলি বিমান হামলা তীব্র ও মারাত্মক আকার ধারণ করছে। ফিলিস্তিনে ভয়াবহ আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে এই আগ্রাসন আরও জোরদার করেছে দখলদার বাহিনী। গত সোমবার থেকে গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর ভূমি থেকেও আর্টিলারি ফায়ার ও ট্যাংক দিয়ে গোলা ছোড়া হয়।

শুক্রবার রাতে ৪০ মিনিটে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার ভোররাতে গাজায় এ ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। এ হামলায় নিজেদের ঘরেই মারা যান ৩ শিশুসহ এক মা। এছাড়া এক শরণার্থী শিবিরে এই বোমা হামলায় একই পরিবারের ৬ শিশুসহ নিহত হয় ৭ জন। ধ্বংসস্তূপ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ৪০ মিনিটের এই হামলায়।

গত ৫ দিনে এই ইসরায়েলের এই আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। এর মধ্যে ৩৮ শিশু ও ২০ নারী রয়েছে।

শুক্রবারের এই হামলায় গাজার বিভিন্ন অ্যাপার্টমেন্ট, গাড়ি ও ভবনকে লক্ষ্য করে গোলা ছোড়া হয় বলে জানিয়েছেন আদ্রায়ি।

তিনি বলেন, ইসরায়েলের ১৬০টি জঙ্গি বিমান ও ছয়টি বিমান ঘাঁটি থেকে এসব হামলা চালানো হয়েছে। এই হামলায় বিমান ও পদাতিক বাহিনী অংশ নিয়েছে। তবে তারা গাজা সীমান্তে প্রবেশ করেনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর