করোনা রোগীকে হাসপাতালে ধর্ষণ, একদিন পরেই মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। কিন্তু সেখানে তার সম্ভ্রমের উপর আঘাত হানে হাসপাতালটিতে কাজ করা এক কর্মী। তীব্র যন্ত্রণায় অতিষ্ঠ ওই নারী একদিনের মধ্যেই মারা যান।

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল এলাকার একটি রাজ্যে ঘটা ভয়াবহ এই ঘটনায় জড়িত এক পুরুষ নার্সকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

স্থানীয় সূত্র জানা যায়, গত ৬ এপ্রিল ভোপাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন ৪৩ বছর বয়সী ওই নারী। সেই সময়ই তাকে ধর্ষণ করে অভিযুক্ত হাসপাতাল কর্মী। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে ওই নারীকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই মৃত্যু হয় তার। তবে মারা যাওয়ার আগে এক চিকিৎসকের কাছে বিবৃতি দিয়ে শনাক্ত করে যান অভিযুক্তকে।

তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে ৪০ বছরের সন্তোষ আহিরওয়ারকে। ভোপাল সেন্ট্রাল জেলে রাখা হয়েছে তাকে। শিগগিরিই শুরু হবে বিচার প্রক্রিয়া।

কিন্তু এক মাস আগের এমন নৃশংস ঘটনা এত পরে কেন জানাজানি হলো, আগে কেন গোপন রাখা হয়েছে তা নিয়ে জন্ম হয়েছে বিস্তর প্রশ্নের। পুলিশের দাবি, ‘‘ওই রোগীর অনুরোধ ছিল, তার নাম যেন প্রকাশ না করা হয় এবং ঘটনাটির কথাও যেন এখনই প্রকাশ্যে না আনা হয়। সেই কারণেই এতদিন পর্যন্ত ঘটনাটির কথা গোপন রাখা হয়েছিল। কেবল তদন্তকারী দল এ বিষয়ে জানত।”

১৯৮৪ সালে ভোপালের গ্যাস খনিতে দুর্ঘটনায় আহত হয়েও বেঁচে গিয়েছলেন ধর্ষণের শিকার ওই নারী। কিন্তু মহামারিকালে তাকে সম্ভ্রমের সাথে সাথে প্রাণটাও দিতে হলো।

জানা গেছে, অভিযুক্ত সন্তোষের নামে এর আগেও ২৪ বছরের এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এমনকি, কাজের সময় মদ্যপান করার অভিযোগে তাকে বরখাস্তও করা হয়েছিল। কী করে এমন একজনকে চাকরিতে বহাল রাখা হল, তা নিয়েও প্রশ্ন উঠছে। সূত্র: সংবাদ প্রতিদিন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর