বাংলাদেশ করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে কিছুদিন আগেই। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালে দুই রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
শুক্রবার (১৪ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির।
তিনি বলেন, ভারত থেকে আসা দুইজনের শরীরে আমরা করোনার ভারতীয় ধরন পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের টেস্ট বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। যারা ভারত থেকে আসছেন আমরা তাদের কঠোর নজরদারিতে রাখছি।
তিনি আরও বলেন, যেহেতু করোনা রোগীদের নিয়ে কাজ করছি সেহেতু আমাদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। করোনা রোগীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। করোনার ভারতীয় ধরন দেশে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি (ধরন) ‘বি.১.১৬৭’। ভারতে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে রয়েছে এই ভ্যারিয়েন্টটি। করোনার এ ধরনটি অতি সংক্রামক। এখন পর্যন্ত ১৭টির বেশি দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/নব