বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদ বলতে যেটা আমরা সব সময় বুঝি, সেই ঈদ শুধু তিন বছর নয়, সত্যি কথা বলতে কী গত একযুগ ধরে নেই। নেতাকর্মীদের হত্যা করা, মিথ্যা মামলা দেওয়া এমন একটা অবস্থায় আমরা আছি।
শুক্রবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই জানেন যে আজকে ঈদ পালিত হচ্ছে অত্যন্ত একটা কষ্টের মধ্যে, দুঃসময়ের মধ্যে। একদিকে ভয়াবহ করোনা অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার-নির্যাতন। এ দুই সরকারের হাত থেকে এ দেশ যেন রক্ষা পায়। আমরা যেন রক্ষা পাই। আমরা এ দোয়া করি।
সরকারের ভুল সিদ্ধান্তের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারে ভুল সিদ্ধান্তের কারণে আজকে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একদিকে তারা লকডাউন বলছে, কিন্তু পালন হচ্ছে না। গণপরিবহন বন্ধ করেছে, কিন্তু যাত্রী চলাচল বন্ধ হচ্ছে না।
ফখরুল বলেন, যদি সঠিকভাবে পরিকল্পনা করে লকডাউন করতো তাহলে এমন পরিস্থিতি হতো না। আর আমরা বারবার করে বলি, প্রণোদনার টাকা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাতো, তাহলে এ অবস্থা হতো না।
তিনি আরও বলেন, আল্লাহ-তায়ালা যেন আমাদের তৌফিক দেন, দেশে একটা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেন শক্তি অর্জন করতে পারি। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে হবে। এই দানবের হাত থেকে দেশ যেন রক্ষা পায়, এই দোয়া করেছি।
বার্তাবাজার/নব