রাতের আঁধারে সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘অসহায় মানুষের সেবায় আমরা’
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায় মানুষের সেবায় আমরা’র পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মে (বুধবার) থেকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি, অমরপুর,দগদগা গ্রামের প্রায় শতাধিক মানুষের মাঝে রাতের আঁধারে সমাজের সুবিধাবঞ্চিত ওইসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌছে দেয় সংগঠনের সদস্যরা।
‘অসহায় মানুষের সেবায় আমরা’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, করোনার এই মহামারী সময়ে সমাজে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে নিম্ন আয়ের মানুষ। ঈদের এই সময়ে আমরা যখন ঈদ আনন্দে ব্যস্ত, তখন তারা একবেলা খাবারের ব্যবস্থা করতে লড়াই করে যাচ্ছে প্রতিদিন। শহরে বিভিন্ন আয়ের উৎস থাকলেও গ্রামে তা অনেক কম। ফলে গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো একপ্রকার বিরাট সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। সেই জায়গায় তাদের মুখে একটু হাসি ফুটানোর প্রচেষ্টায় এবং তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ‘অসহায় মানুষের সেবায় আমরা’ প্রতিবছরের মতো এবারও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, সাবান।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এসব সামগ্রী যদিও খুবই সামান্য পরিমাণ, কিন্তু আমরা চেয়েছি অন্তত ঈদের দিন তারা একটু হাসি ফুটুক।
শাহরিয়া/বার্তা বাজার/এসজে