অসহায়দের বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিলো রক্তদাতাদের সংগঠন
করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ময়মনসিংহের নিম্ন আয়ের অসহায় ৪শ পরিবারের বাড়ি বাড়ি ঈদ উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি (বিবিএস) নামে রক্তদাতাদের সংগঠন।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে এক সপ্তাহ ধরে এ কার্যক্রম চালাচ্ছে সংগঠনটির সদস্যরা। উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাওয়ের চাল, আলু, তেল, পেয়াজ, ডাল, আটা, সেমাই, দুধ, চিনি, লবন, সাবান এবং নগদ অর্থ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রক্সি বলেন, করোনার এই দুঃসময়ে যাদের অর্থিক অবস্থা খুবই খারাপ তাদের খুঁজে বের করে একটি তালিকা করেছি আমরা। তারপর ঈদ উপহার সামগ্রী তাদের বাড়িতে গিয়ে সেগুলো পৌঁছে দিয়েছেন আমাদের সদস্যরা। যেন সবাই ঈদের দিনটা আনন্দের সাথে উদযাপন করতে পারে।
সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান বলেন, সদস্যদের চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে আমরা অসহায়দের মাঝে একটুখানি হাসি ফুটাতে পেরেছি। ময়মনসিংহ সিটিতে ১৫০ জনকে এ উপহার দেওয়ার পর সংগঠনের সদস্যদের মাধ্যমে তাদের নিজ নিজ গ্রাম এলাকায় আরও ২৫০ জনকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের দিনটি সবার খুশিতে কাটলেই আমাদের সার্থকতা।
নাজমুস সাকিব/বার্তা বাজার/এসজে