ছাত্রদল নেতার ঈদ সামগ্রী বিতরণে পুলিশি বাঁধা

ফরিদপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণে পুলিশের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার চরভদ্রাসন উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন তিনি। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী (নতুন দোকান) এলাকায় দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তিনি চাল, চিনি, সেমাই ও দুধ ঈদ বিতরণ করতে যান। কিন্তু সেখানে তারা উপস্থিত হলে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাদের বাঁধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। পরে তাঁদেরকে দুই মিনিটের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের নির্দেশ দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আ. কুদ্দুস শেখ, চরভদ্রাসন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলিম মন্ডল, সরকারি ইয়াছিন কলেজের সাবেক ভিপি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা ছাত্রদল নেতা সোহান আল মাহমুদ, পারভেজ খান, নাজমুল হাসান, চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জান এ আলম, চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন শুভ, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, রাকিবুল ইসলাম, আকমাল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা তড়িঘড়ি করে উপস্থিতদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বর্তমানে গণ জমায়েত নিষেধ। তাছাড়া তারা ফরিদপুর হতে এসব বিতরণ করবে সে তথ্যও পুলিশকে জানানো হয়নি। এজন্য এভাবে লোক সমাগম করতে তাদের বারণ করা হয়।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর