খালেদার ভুয়া জন্মদিন পালনের জন্য বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত

খালেদা জিয়া ১৫ আগস্টের মতো নৃশংস হত্যা দিবসে ভুয়া জন্মদিন পালনের জন্য বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, বেগম জিয়ার ভুয়া জন্মদিবস নিয়ে জাতির কাছে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের মতো নৃশংস হত্যা দিবসে খালেদা জিয়া তার ভুয়া জন্মদিন পালনের জন্য মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে ক্ষমা চাইবেন, এটাই দেশের মানুষ আশা করেছিল। তিনি তা না করে প্রতিদিনই একেকটা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

সরকার দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে- বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, সরকার নয়, বিএনপি ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। যেমনটি তারা ২০০১ সালে করেছিল। বিএনপি সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষে ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। ২১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর রক্তে দেশকে মৃত্যু উপত্যকায় বানিয়েছিল। গুম, হত্যা, খুন, ধর্ষণ ও নির্যাতনের রূপান্তর করেছিল তারা।

বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কলঙ্কিত ইতিহাস আর বিকৃত অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পাবেন না আয়নায়।

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে ত্রাস ও তাণ্ডব চালিয়েছিল তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি জড়িত ছিল বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এর আগেও ভাস্কর্য ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ত্রাস সৃষ্টিতে হেফাজতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছিল বিএনপি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর