গোয়ালন্দে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৯ সদস্য গ্রেফতার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা এলাকা থেকে চাঁদাবাজ চক্রের ৯ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, র‌্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া বাস স্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন ধরনের গাড়ী থামিয়ে চাঁদাবাজি করছে। ওই সংবাদে ক্যাম্প অবহিত হওয়ার পর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে বুধবার বিকালে অভিযান পরিচালনা করে।

রাজবাড়ী জেলার দৌলতদিয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজি চক্রের সদস্য গোয়ালন্দ উপজেলার মজিদ শেখের পাড়া গ্রামের হাশেম কাজী ওরফে শুকুর আলীর ছেলে নজরুল ইসলাম(২৪), কেউটিল গ্রামের নিজাম প্রমানিকের ছেলে মমিনুল ইসলাম(২২), মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মোঃ রুস্তম মোল্যার ছেলে বুলবুল মোল্যা(২৮), গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের জালাল মন্ডলের ছেলে শেখ শাদী (২১), মুন্সিপাড়া গ্রামের ইউসুফ সরদারের ছেলে মোঃ শহিদুল সরদার(২৮), রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আরজু বেপারী(২৬), চরলক্ষীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলাম খোকন(২৩), ভবানীপুর গ্রামের খোরশেদ আলী মন্ডলের ছেলে মোঃ সামসুদ্দিন মন্ডল(৭১), গোয়ালন্দের মজিদ শেখের পাড়ার ওমর আলী শেখের ছেলে মোঃ মহিউদ্দিন শেখ(৩৮) কে আটক করে। এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা চাঁদাবাজির ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা, ১৪ টি সীমকার্ডসহ ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর