ইসরাইলের অব্যাহত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন সরকারিভাবে বাতিল করেছে ফিলিস্তিন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার পরও থেমে থাকেনি ঈদ উদযাপন।
বৃহস্পতিবার (১৩ মে) মানুষের ঢল নামে আল আকসা মসজিদ কেন্দ্র করে।
আল জাজিরা জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসায় ঈদের জামাতে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি। পুরুষদের পাশাপাশি নারী-শিশুদের আকসা কম্পাউন্ডে দেখা যায়।
এদিকে ঈদের দিনও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১৭ শিশুসহ ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ আহত হয়েছেন ৩৯০ জনের বেশি।
বার্তাবাজার/নব