মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের যাত্রীদের ঘরমুখো জনস্রোত অব্যাহত আছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে যাত্রীদের এই ঘাটে আসতে দেখা যায়। তবে, গতকালের চাইতে যাত্রীর চাপ অনেক কম। বেলা বাড়ার সাথে সাথে চাপ আরো কমতে শুরু করেছে।
ঘাটে ছোট-বড় সব ধরণের যান ফেরিতে পার হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহরে থাকা ১৬ টি ফেরির মধ্যে ১৪ টি ফেরি চলছে। তবে, বিআইডব্লিইটিসি কর্তৃপক্ষ দাবী করছে সবগুলো ফেরি চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, সব ফেরি চলছে। ঘাটে গতকালের তুলনায় যাত্রী কম। ঘাটে প্রায় আড়াইশ’ যান আছে। তবে, ফেরিতে যান লোড করতে সময় বেশি লাগছে।
এদিকে, অনেক যাত্রীকে ফেরির পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারেও পদ্মা পার হতে দেখা গেছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ট্রলার চলাচল বন্ধ আছে। তবে, পুলিশের চোখ এড়িয়ে কিছু ট্রলার চলতে পারে যেগুলো পদ্মা পার হয়ে মাঝিকান্দি ঘাটের দিকে যায়। এছাড়াও অনেকে ট্রলারে করে ফেরিতে উঠার চেষ্টা করে।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি