ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৩ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯ টায় এবং ১০টায় এসব ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করে। তাই অন্য এলাকার একদিন আগে ওই ১৩ গ্রামের লোকজন ঈদ উদযাপন করেন।
বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতরের নামায আদায় করেন। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে আসছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি, দুর্গাপুর, গঙ্গানন্দপুরসহ ১৩টি গ্রামের প্রায় তিনশো পরিবারের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে থাকেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি