করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।।
এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন সাড়ে ৩ লাখের বেশি রোগী। এই সময়ে সক্রিয় রোগী বেড়েছে ৬ হাজার ৪২৬ জন। দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা এখন ৩৭ লাখের বেশি।
দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব