ঈদকে সামনে রেখে চারঘাট মডেল থানার বিশেষ মহড়া
রাজশাহীর চারঘাটে ঈদকে সামনে রেখে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে থানার সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার মহাসড়কসহ বিভিন্ন হাট-বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে পুলিশ ভ্যানসহ মোটরসাইকেলে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
থানা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় সর্বত্র বাড়তি নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বাড়ানোসহ চোরাচালান ও মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের এই মোটরসাইকেল শোডাউন।
এ বিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় ঈদ উপলক্ষে উপজেলার মানুষের জান মালের নিরাপত্তাসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, ঈদ উদযাপনে এলাকায় কোন অপরিচিত বা অনাকাঙ্খিত কোন ব্যক্তি বা কর্মকাণ্ড দেখা গেলে পুলিশকে তাৎক্ষণিক অবহিত করতে হবে। হাটবাজার ও মসজিদের নামাজ আদায়ের ক্ষেত্রেও জননিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে। সবাই যাতে নির্ভয়ে যথাযথভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই আমরা আগাম প্রস্তুতি হিসেবে এই বিশেষ মহড়া করেছি।
নবী আলম/বার্তা বাজার/এসজে