বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে আগামী শুক্রবার (১৪ মে) ৩০ রোজা পূর্ণ করে সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর।
বুধবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেন।
তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোনো জায়গা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০টি পূর্ণ করে আগামী ১৪ মে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদুল ফিতর উদযাপন করবে। মঙ্গলবার (১১ মে) ২৯ রমজানে সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বার্তা বাজার/এসজে